ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের ওই পোস্ট ঘিরে স্থানীয় শিক্ষক ও রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ এ তদন্তের নির্দেশ দেন। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেনেস্তারা সুলতানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই দিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের শীত নিয়ে একটি পোস্ট দেন শিক্ষক মহসিন আকন্দ। সেখানে তিনি লেখেন, ‘এখন শীতের কাঁপুনি ধরেছে, আগামীতেও আরও বাড়বে। কারণ, ডিসেম্বরে শীতের ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে।’
পোস্টটি প্রকাশের পর বিভিন্নজন মন্তব্য করেন। নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু মন্তব্য করেন, ‘সুন্দর উপলব্ধি।’ ফাতেমা সেতু নামের এক নারী লেখেন, ‘আপনাদের আপা আসতেছে, শীতের আমেজটা এইবার একটু স্পেশাল হবে।’
এর জবাবে মহসিন আকন্দ লেখেন, ‘এত আগে বাড়লে হবে না তো?’ জামান রনি নামের আরেক ব্যক্তি মন্তব্য করেন, ‘স্যার, আপনি সরকারের বেতন ঠিকমতো পাচ্ছেন কি না, সেটা বলেন?’
এসব মন্তব্য ও পাল্টা মন্তব্যের পর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
তবে নিজের পোস্টের ব্যাখ্যায় মহসিন আকন্দ বলেন, নিম্নচাপের কারণে তিনি শীতের প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্য করেছিলেন। ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে—এমন কোনো বিষয় নিয়ে তিনি পোস্ট দেননি। কী কারণে তাঁকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে, তা-ও বুঝতে পারছেন না বলে জানান তিনি।
নান্দাইল উপজেলা ভারপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জবাব পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তদন্তের মাধ্যমে ওই ফেসবুক পোস্টের উদ্দেশ্য ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

