শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে আ.লীগের চার নেতা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ ও সীমান্ত পরিস্থিতি পরিদর্শনে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে গিয়েছেন আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা—এমন খবর প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। তাঁদের এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে সফরের উদ্দেশ্য সম্পর্কে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

- Advertisement -

রোববার (২২ নভেম্বর) ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন এলাকায় যান।

প্রতিবেদন অনুযায়ী, ওই চার নেতা কলকাতার নিউ টাউন এলাকা থেকে সকাল ৯টার দিকে রওনা হন। দুপুর প্রায় ২টার দিকে বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোলে পৌঁছান তাঁরা। একটি সাদা গাড়িতে করে গিয়ে ইমিগ্রেশন সেন্টারে প্রবেশ করেন। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর বিকেল পৌনে ৪টার দিকে কলকাতার উদ্দেশে ফিরে যান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ইমিগ্রেশন সেন্টারে তাঁদের অবস্থানকালে একটি রুদ্ধদ্বার বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের নেতারা ইমিগ্রেশন সেন্টারে প্রবেশ ও বের হওয়ার জন্য সাধারণ মানুষের ব্যবহৃত পথের পরিবর্তে আলাদা পথ ব্যবহার করেন। তবে এ বিষয়ে ভারতের অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার পুলিশ কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, ভারতের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাদের পেট্রাপোলের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্তও পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। আগামী মঙ্গলবার ত্রিপুরা সীমান্ত এবং পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্তের সংযোগকারী পথ ঘুরে দেখার কথা রয়েছে তাঁদের।

এদিকে আওয়ামী লীগের নেতাদের পেট্রাপোল সফরের সময় সীমান্ত এলাকায় একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হিন্দু সুরক্ষা সমিতি নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আয়োজিত কর্মসূচিতে বিজেপির বনগাঁ উত্তর ও দক্ষিণের কয়েকজন নেতা, রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বিধায়ক স্বপন মজুমদার উপস্থিত ছিলেন।

সমাবেশে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অভিযোগ তোলা হয়। পরে স্থানীয় সংবাদমাধ্যমকে বিধায়ক স্বপন মজুমদার বলেন, কলকাতা থেকে যশোর রোড হয়ে বনগাঁ ও পেট্রাপোল দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।

এদিকে পশ্চিমবঙ্গে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেখ হাসিনাসহ দলের আরও কয়েকজন নেতার বাংলাদেশে প্রবেশের চেষ্টা থাকতে পারে। তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক আলোচনা হলেও এখন পর্যন্ত দেশে ফেরার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ