পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে তাদের ওপর হামলা চালায় এবং লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।
আহতদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তারা বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময়ই তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাদিয়া ফেরদৌস জানান, গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রত্যেকের পায়ে গুলি লেগেছে। গুলি শরীরের গভীরে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তা অপসারণ করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে কারা এ হামলা ও গুলিবর্ষণের সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

