ভারতে পালিয়েও বাংলাদেশে নাশকতার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: রিজভী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করলেও শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, ক্ষমতায় থাকার সময়ের মতো এখনো খুন, গুম ও আগুনের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পতিত আওয়ামী লীগ ও দলটির সহযোগীদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে।

রিজভী বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। কিন্তু তাঁর রাজনৈতিক চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। এখনো সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রের পেছনে শেখ হাসিনার ভূমিকা রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা এবং তাঁদের বাড়িঘরে অগ্নিসংযোগের পরিকল্পনা চলছে। বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে পোশাক কারখানা ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটানো হচ্ছে। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ সরকার গত ১৭ বছর যে দমন-পীড়ন ও সহিংসতার রাজনীতি চালিয়েছে, এখনো সেই পথেই হাঁটতে চাইছে।

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পদক্ষেপের প্রশংসা করে রিজভী বলেন, ফ্যাসিবাদী তাণ্ডব মোকাবিলায় সরকার অতীতের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার পার্থক্য এখানেই। তাঁর মতে, বর্তমান সরকার সভ্যতা, মানবতা ও আইনের শাসনের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলা করছে।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের চার নেতার পেট্রাপোল সীমান্ত সফর নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি জানতে চান, ভারতের ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের বৈঠক কীভাবে হলো এবং দেশটির সরকারের অনুমোদন ছাড়া এমন বৈঠক সম্ভব কি না। ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে দেশটির আচরণ সেই গণতান্ত্রিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রিজভী বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের এ দেশের মাটিতে জায়গা হবে না। বিদেশে অবস্থান করে হুমকি-ধমকি দিলেও দেশের মানুষ আর তাদের সমর্থন করবে না। সব ষড়যন্ত্র মোকাবিলায় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে এবং প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম ও প্রকৌশলী এনায়েত হোসেনসহ সংগঠনের নেতারা।

সর্বশেষ