নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে কনসেশন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তি অনুযায়ী, অগ্রিম হিসেবে বাংলাদেশ পাবে ৮১ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। এ ছাড়া যাত্রী ও কার্গো পরিবহনের রাজস্ব থেকেও নির্ধারিত অংশ পাবে সরকার।
সোমবার (২৩ নভেম্বর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, নিপ্পন কোয়েই ও সোজিতজ করপোরেশনসহ দেশটির সরকারি-বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে এ চুক্তি বাস্তবায়িত হবে।
চুক্তির আর্থিক শর্ত অনুযায়ী, তৃতীয় টার্মিনালে যাত্রী পরিবহনের মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার পাবে বাংলাদেশ। কার্গো পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ ডলার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এমবারকেশন ফি হিসেবে যাত্রীপ্রতি ১২ দশমিক ৫ ডলার দিতে হবে। বর্তমানে এ খাতে যাত্রীদের কাছ থেকে স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে জাপানি কনসোর্টিয়াম আর্থিক প্রস্তাব জমা দেওয়ার পর ইনভেস্ট বাংলাদেশ তা যাচাই-বাছাই করে দর-কষাকষি সম্পন্ন করে। পরবর্তী সময়ে প্রস্তাবিত চুক্তিটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং এবং অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়।
চুক্তিতে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়েও শর্ত রাখা হয়েছে। এতে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনার দায়িত্ব পাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রকল্পটি হস্তান্তরের পর ১৪ মাসের মধ্যে তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম শুরু করতে হবে।
তবে চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। এ ছাড়া চুক্তির ১৫ বছরের মেয়াদে শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর চালু করা যাবে না।
অবশ্য হজ ফ্লাইট, চার্টার্ড ফ্লাইট, স্বল্প খরচের বিমান সংস্থার (বাজেট এয়ারলাইনস) ফ্লাইট এবং অভ্যন্তরীণ রুটের বিমান চলাচল প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকেই পরিচালিত হবে।
বেবিচকের তথ্য অনুযায়ী, বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা প্রায় ৮০ লাখ। তৃতীয় টার্মিনাল চালু হলে এর সঙ্গে আরও ১ কোটি ২০ লাখ যাত্রীর ধারণক্ষমতা যুক্ত হবে। ফলে বিমানবন্দরটির মোট বার্ষিক যাত্রী পরিচালনার সক্ষমতা দাঁড়াবে প্রায় ২ কোটি।
উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ সম্প্রসারণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। ২০১৬ সালের ১ জুলাই প্রকল্পটির কাজ শুরু হয়। এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। তৃতীয় টার্মিনালের পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে গেলে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনায় নতুন অধ্যায় যুক্ত হবে।

