কুমিল্লার নাঙ্গলকোটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এয়াছিন রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৩ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন মনিরুজ্জামান বাবু, কাজী ইব্রাহিম ও চিকিৎসক আবু বক্কর। বাকি তিনজনের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামি রয়েছেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, রোববার রাতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মী এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোন কোন মামলা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি পুলিশ কর্মকর্তা।

