বিশেষ প্রতিবেদক : সরকারি চারটি দপ্তরে অনিয়ম, দুর্নীতি, ঘুষ আদায় ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ই/এম প্রকল্প, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিসে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঠিকাদারদের বিল ছাড়ে কমিশন দাবি, হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়, ওষুধের মজুতে গরমিল, চিকিৎসাসামগ্রী বেশি দামে কেনা, পাসপোর্ট অফিসে দালালদের তৎপরতা এবং নামজারিতে ঘুষ নেওয়ার অভিযোগের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। এসব অভিযোগ যাচাইয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে নথিপত্র ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট টিম।
দুদক সূত্রে জানা গেছে, বেবিচকের ই/এম প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগে প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।
এ সময় প্রকল্পের ওভারটাইম বিলসংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে বেশ কিছু অসংগতি পাওয়া যায়। পাশাপাশি ঠিকাদারদের বিল পরিশোধে কমিশন দাবির অভিযোগ এবং সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল তৈরির বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়তি টাকা আদায়
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের কাছ থেকে পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়, ওষুধের মজুতে গরমিল এবং চিকিৎসাসামগ্রী বেশি দামে কেনার অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার এনফোর্সমেন্ট টিম।
অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সেবাকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় রোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়।
পরিদর্শনে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ইসিজি ও ইকো পরীক্ষার ফি আদায়ে অনিয়মের তথ্য পাওয়া যায়। ইকো পরীক্ষার ফি আদায়ের ক্ষেত্রে যথাযথভাবে রেজিস্টারে তথ্য সংরক্ষণ করা হচ্ছিল না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকেও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
দুদকের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা দিলে রোগীদের তাৎক্ষণিক ইকো পরীক্ষার সুযোগ দেওয়া হতো। অথচ সাধারণ রোগীদের পরীক্ষার তারিখ দেওয়া হতো দুই থেকে চার দিন পর। অর্থাৎ বাড়তি টাকা দিতে পারলে দ্রুত পরীক্ষা করানোর সুযোগ মিলত।
হাসপাতালের ১৩৮ নম্বর বহির্বিভাগের ওষুধ বিতরণ কেন্দ্র এবং কেন্দ্রীয় স্টোর পরিদর্শন করেও অনিয়মের তথ্য পায় দুদক। ওষুধের স্টক রেজিস্টার নিয়মিত হালনাগাদ না করা এবং নথিতে থাকা হিসাবের সঙ্গে বাস্তব মজুতের পার্থক্য পাওয়া যায়।
এ ছাড়া সরবরাহ করা কয়েকটি ওষুধের প্যাকেটে ‘সরকারি সম্পত্তি, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়’ লেখা সিল বা চিহ্ন ছিল না। এতে সরকারি ওষুধ বাইরে বিক্রির সুযোগ থাকার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট টিম।
চিকিৎসাসামগ্রী ও অন্যান্য পণ্য কেনার চালান যাচাই করেও অসংগতি পাওয়া যায়। কয়েকটি পণ্য বাজারমূল্য কিংবা প্যাকেটে মুদ্রিত খুচরা দামের তুলনায় প্রায় দেড় থেকে তিন গুণ বেশি দামে কেনার তথ্য পাওয়া গেছে। ওষুধ ও ইনজেকশনের প্যাকেটেও সরকারি ব্যবহারের জন্য সংরক্ষিত থাকার প্রয়োজনীয় চিহ্ন পাওয়া যায়নি।
এসব বিষয়ে ক্রয়সংক্রান্ত চালান, ওষুধের মজুতের হিসাব ও অন্যান্য নথি সংগ্রহ করেছে দুদক। সেগুলো বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।
ভোলা পাসপোর্ট অফিসে দালালদের তৎপরতা
ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের সঙ্গে যোগসাজশে সেবাগ্রহীতাদের হয়রানি, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং আবেদন গ্রহণে অনিয়মের অভিযোগেও অভিযান পরিচালনা করা হয়।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, বরিশালের এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে পাসপোর্ট অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করে। এ সময় সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তি ও অভিযোগের তথ্য সংগ্রহ করা হয়।
পরে পাসপোর্ট অফিসের উপপরিচালককে বিষয়টি অবহিত করা হয়। অফিসের বাইরে দালালদের তৎপরতা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে তাদের সম্ভাব্য যোগসাজশের বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি সেবাগ্রহীতারা যাতে হয়রানি ছাড়াই পাসপোর্ট নিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয় দুদক।
নামজারিতে ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ
শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিসে নামজারি করতে ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগেও অভিযান চালিয়েছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে টিম জানতে পারে, নামজারির একটি আবেদন দীর্ঘদিন আটকে রাখার পর দালালের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ৪০ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিলাসপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে বলেও জানতে পারে দুদকের দল।
চারটি দপ্তরের অভিযানে পাওয়া তথ্য, নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই-বাছাই করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে দুদক। এসব প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

