ছাত্রলীগ নেতা পুলিশের হাতে তুলে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, রাতভর উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করাকে কেন্দ্র করে রাজশাহী মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড়ে শুরু হওয়া এ সংঘর্ষে রাতভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

- Advertisement -

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে আহত কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা যায়, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। পরে তারা জাদুঘর মোড়ে পৌঁছালে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। রাতভর থেমে থেমে চলতে থাকে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়া।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন অভিযোগ করেন, যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তার চাচাতো ভাইয়ের নেতৃত্বে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করেন বলেও দাবি করেন তিনি।

লিমনের আরও অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। এতে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টাধাওয়া হয়। ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি পরপর ককটেল বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, লিমনের করা অভিযোগের বিষয়ে সাফায়েত হোসেন মান্নার বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সর্বশেষ