এস আলমকে পুনর্বাসনে ক্ষমতাসীন দলের লোকজন জড়িত: হাসনাত

নিজস্ব প্রতিবেদক :
spot_img

হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ থাকা সত্ত্বেও এস আলম গ্রুপের বিরুদ্ধে কার্যকর বিচার না করে প্রতিষ্ঠানটিকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ প্রক্রিয়ার সঙ্গে ক্ষমতাসীন দলের কিছু ব্যক্তি জড়িত বলেও দাবি করেছেন তিনি।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম আয়োজিত ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রীরা বিভিন্ন সময়ে বড় বড় প্রতিশ্রুতি দিলেও শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকারের আন্তরিকতার যথেষ্ট ঘাটতি রয়েছে। শিক্ষকদের ন্যায্য অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার বিষয়টি রাষ্ট্রের অগ্রাধিকারে নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শিক্ষকতা পেশাকে অগ্রাধিকারের তালিকার একেবারে নিচের দিকে রেখে কখনোই একটি শিক্ষিত ও উন্নত জাতি গঠন করা সম্ভব নয়। অথচ দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও শিক্ষকরা দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্যে রয়েছেন।

এনসিপির এই নেতা আরও বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের ন্যায্য পাওনা ও বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে আলোচনা চান। তাদের দাবিগুলো যথাযথভাবে সংসদে তুলে ধরার প্রয়োজন রয়েছে।

তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার আদায়ের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে এনসিপির পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ এবং দলটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

সর্বশেষ