আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি করছে ইতালি। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে বিভিন্ন খাতে প্রায় ৫ লাখ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। কৃষি, পর্যটন, শিল্প, পরিবহন ও পারিবারিক পরিচর্যাসহ বিভিন্ন খাতে এসব কর্মী নেওয়া হবে। ইতালির অনুমোদিত কর্মী পাঠানোর দেশের তালিকায় বাংলাদেশ থাকায় এ নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশিদেরও অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
ইতালি সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন কর্মী নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে বাংলাদেশিদের জন্য আলাদা কোনো কোটা রাখা হয়নি। ফলে অন্যান্য অনুমোদিত দেশের নাগরিকদের সঙ্গে প্রতিযোগিতা করেই চাকরির সুযোগ পেতে হবে বাংলাদেশিদের।
যেভাবে হবে নিয়োগ প্রক্রিয়া
ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের বিষয়টি পরিচালিত হয় দেশটির ‘ফ্লো ডিক্রি’র মাধ্যমে। এই ব্যবস্থায় ইতালির বৈধ নিয়োগকর্তারা বিদেশ থেকে কর্মী নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন করেন। আবেদনে কর্মীর প্রয়োজনীয়তা, কাজের ধরন এবং চাকরিসংক্রান্ত তথ্য উল্লেখ করতে হয়।
২০২৭ সালের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে নিয়োগকর্তাদের প্রাথমিক আবেদনসংক্রান্ত তথ্য পূরণের কার্যক্রম শুরু হয়েছে ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ—এই আবেদন বিদেশে যেতে আগ্রহী কর্মীরা সরাসরি করতে পারবেন না। আবেদন করতে হবে ইতালিতে অবস্থানরত বৈধ নিয়োগকর্তাকে।
নির্ধারিত সময় অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের চূড়ান্ত আবেদন জমা দেওয়ার জন্য কয়েকটি তারিখ নির্ধারণ করা হয়েছে। কৃষি খাতে মৌসুমি কাজের আবেদন জমা নেওয়া হবে ১২ জানুয়ারি, পর্যটন খাতে ৯ ফেব্রুয়ারি, অন্যান্য অমৌসুমি কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক পরিচর্যার কাজের জন্য ১৮ ফেব্রুয়ারি।
নিয়োগকর্তার আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট কর্মীর ভিসা প্রক্রিয়া শুরু হবে। এ ক্ষেত্রে চাকরির প্রস্তাব, নিয়োগকর্তার বৈধতা এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন থাকতে হবে। শুধু অনলাইনে আবেদন বা নিবন্ধন করলেই ইতালি যাওয়ার নিশ্চয়তা পাওয়া যাবে না।
ইতালিতে কাজের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশিরা
ইতালির শ্রমবাজারে বাংলাদেশিদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে দেশে ভাষা ও পেশাগত দক্ষতা উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়েছে। ঢাকার বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ইতালীয় ভাষা শেখানোর পাশাপাশি বিভিন্ন পেশায় কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অর্থায়নে পরিচালিত হচ্ছে এ কার্যক্রম।
কেন্দ্রটির হোস্টেল সুপার মুহাম্মদ রুকনুজ্জামান জানান, বর্তমানে চারটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি বিষয়ে ২০ জন করে প্রশিক্ষণার্থী নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তিনটি ব্যাচের শিক্ষার্থীরা কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি ইতালীয় ভাষা শিক্ষার কার্যক্রমও শেষ করেছেন।
সংশ্লিষ্টদের মতে, ইতালিতে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে শুধু নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানলেই হবে না, সংশ্লিষ্ট কাজের দক্ষতা ও ভাষাগত যোগ্যতাও অর্জন করতে হবে। বিশেষ করে ইতালীয় ভাষায় যোগাযোগের সক্ষমতা কর্মক্ষেত্রে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দালালের প্রলোভন থেকে সতর্ক থাকার পরামর্শ
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে কাজের সুযোগকে কেন্দ্র করে প্রতারণার ঝুঁকিও রয়েছে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ যাওয়ার উদ্যোগ নেওয়ার আগে নিয়োগকর্তার পরিচয়, চাকরির প্রস্তাব, চুক্তিপত্র ও প্রয়োজনীয় অনুমোদন যাচাই করা জরুরি। ভিসা নিশ্চিত করে দেওয়ার নামে দালালদের অতিরিক্ত অর্থ দাবি বা অবাস্তব আশ্বাসের বিষয়ে সতর্ক থাকতে হবে।
সব মিলিয়ে ইতালির আগামী তিন বছরের কর্মী নিয়োগ পরিকল্পনা বাংলাদেশের কর্মপ্রত্যাশীদের জন্য সম্ভাবনার নতুন ক্ষেত্র তৈরি করেছে। তবে এই সুযোগ সবার জন্য স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত নয়। যোগ্যতা, পেশাগত দক্ষতা, বৈধ চাকরির প্রস্তাব এবং নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করেই ইতালির শ্রমবাজারে প্রবেশের সুযোগ পাওয়া যাবে।

