জানুয়ারির শেষ পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আগামী বছরের জানুয়ারির শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন, চাইলে যেকোনো সময় যুদ্ধের অবসান ঘটানোর ক্ষমতাও তাঁর রয়েছে।

- Advertisement -

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় যুদ্ধের ভবিষ্যৎ, সামরিক অভিযানে কংগ্রেসের ভূমিকা এবং ডেমোক্র্যাটদের সম্ভাব্য বাধা নিয়ে কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেন, মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা সামরিক অভিযানের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্জিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। তাঁর মতে, এতে যুদ্ধের ফলাফলও পাল্টে যেতে পারে।

ট্রাম্প বলেন, ‘তারা একটি নিশ্চিত বিজয়কে সম্পূর্ণ পরাজয়ে পরিণত করবে।’

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের নেতৃত্বও নির্মূল করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় তাঁর ক্ষমতা সীমিত হয়ে পড়বে কি না।

জবাবে ট্রাম্প বলেন, জানুয়ারির শেষ পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থায়ন তাঁর প্রশাসনের হাতে রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জানুয়ারির শেষ পর্যন্ত মোটামুটি আমাদের অর্থায়ন রয়েছে।’

তবে যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক সক্ষমতার কথা জানালেও ট্রাম্প বলেছেন, পরিস্থিতি বিবেচনায় তিনি চাইলে যেকোনো সময় অভিযান বন্ধ করতে পারেন।

ট্রাম্পের এই বক্তব্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার বিষয়ে তাঁর প্রশাসনের প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেছে। একই সঙ্গে যুদ্ধ পরিচালনায় কংগ্রেসের সম্ভাব্য ভূমিকা নিয়েও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের বিষয়টি সামনে এসেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ