নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিরোধী দল হিসেবে লংমার্চের নামে জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি না করে গত ছয় মাসে তারা কতটুকু সফল হয়েছে, তা পর্যালোচনা করা উচিত।
আমি মনে করি ওই লংমার্চ কর্মসূচিটা অযথাই জনগণের ভোগান্তি সৃষ্টি করবে এবং জাতীয় সম্পদ নষ্ট করবে। তারা প্রথম দিকে বলেছিল লংমার্চ হবে জ্বালানি সংকটের কারণে, অথচ এই লংমার্চ করতে গিয়ে হিসাব বলছে প্রায় ১ লক্ষ লিটার জ্বালানি তেল তারা পোড়াবে। এরপরে তারা বলল এখন সেটা গণরায় বাস্তবায়ন করতে গিয়ে।
শনিবার (৫ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আগে খোকসা থানা পরিদর্শন ও গার্ড অব অনার গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দ্বিতীয় শপথের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা যখন শপথ নেই, আমিও তো ছিলাম ইনফ্যাক্ট আমার একটু দেরি হয়ে যাওয়াতে আমি জামায়াতে ইসলামীর সাথে কিন্তু শপথ গ্রহণ করি। প্রথমে আমরা সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী যে এমপি হিসেবে আমরা একটা শপথ বাক্য পাঠ করি এবং সেখানে একটা কাগজে সাইন করি। পরবর্তীতে আরেকটা কাগজ ধরিয়ে দেওয়া হয়, সেটা নীল বা সবুজ রঙের ছিল, যেটা সম্পূর্ণ অসাংবিধানিক ও অবৈধ।




