৪ নভেম্বর থেকে কমছে গ্যাস সরবরাহ, বিপাকে পড়তে পারেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন বন্ধ রাখা হবে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনাল। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এ সময় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

- Advertisement -

রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে টার্মিনালটির প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে।

পেট্রোবাংলা জানায়, টার্মিনালটি বন্ধ থাকায় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। অর্থাৎ প্রতিদিন সরবরাহ কমবে ৩২০ মিলিয়ন ঘনফুট।

সরবরাহে এই ঘাটতির প্রভাব দেশের বিভিন্ন এলাকার গ্রাহক পর্যায়ে পড়তে পারে। বিশেষ করে নির্ধারিত সময়জুড়ে গ্যাসের স্বল্প চাপের কারণে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

সর্বশেষ