পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে স্পিকারের বৈঠক, সংসদীয় সম্পর্ক জোরদারে আলোচনা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

- Advertisement -

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি সংসদীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় তানজানিয়ায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে নির্বাহী কমিটির সদস্য পদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থন দেওয়ায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান স্পিকার।

আলোচনায় দুই দেশের সংসদের মধ্যে মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধি দল আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠককালে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ অধিবেশন পর্যবেক্ষণের জন্য পাকিস্তানের হাইকমিশনারকে আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের।

সাক্ষাৎ অনুষ্ঠানে পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ