আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাগি কেতাবচিকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার সংবিধানের ১৩৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার মনোনয়ন সংসদে পাঠানো হয়েছে।
দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আখলাগি এর আগে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান পরিচালনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রেসিডেন্টের সংসদীয় বিষয়ক উপদেষ্টার সহযোগী সাসান ভালিজাদেহ সোমবার আখলাগির মনোনয়নের বিষয়টি ঘোষণা করেন।
সংসদের সংশ্লিষ্ট কমিটি প্রথমে আখলাগির প্রস্তাবিত কর্মপরিকল্পনা পর্যালোচনা করবে। এরপর তার নিয়োগের বিষয়ে আস্থা ভোট হওয়ার কথা রয়েছে।
অনুমোদন পেলে আখলাগি ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহের স্থলাভিষিক্ত হবেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুতে নাসিরজাদেহ নিহত হন।
তার মৃত্যুর পর থেকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে কয়েকজন সামরিক কর্মকর্তা পালন করে আসছেন।
এর আগে আখলাগি ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধানের দায়িত্বও পালন করেছেন। সংস্থাটি দেশটির প্রতিরক্ষা ও মহাকাশ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট।
সূত্র : আলজাজিরা

