এলপিজির দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে দেশের কোথাও যেন এলপিজির সংকট তৈরি না হয় এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা যায়, সে জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে জ্বালানি পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ সরকারের কাছে এসেছে। এ কারণে খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানোর পাশাপাশি নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেপ্টেম্বর মাসে সারাদেশে ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এলপিজি নিয়ে চলমান সংকট দ্রুত কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রেল যোগাযোগে গুরুত্ব, ৩০ লোকোমোটিভ কেনার উদ্যোগ
রেল যোগাযোগ উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। রেল খাতের সক্ষমতা বাড়াতে সরকার এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্তে সব পক্ষের মতামত
চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তা রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনায় নিয়েই নেওয়া হবে বলে জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করা হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার সিদ্ধান্ত নেবে।
বাড়ছে ভিজিএফের আওতা, দেওয়া হবে ২০ কেজি চাল
দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনযাত্রার চাপ কমাতে ভিজিএফ কার্ডের আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। নতুন করে সহায়তার পরিমাণও বাড়ানো হচ্ছে। ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রত্যেক উপকারভোগীকে ২০ কেজি করে চাল দেওয়া হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দরিদ্র ও ভালনারেবল মানুষের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। তাদের কিছুটা স্বস্তি দিতে সরকারি সহায়তার পরিধি বাড়ানো হচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলায় ব্যবস্থা নেওয়া হবে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে সরকারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিস্তা মহাপরিকল্পনায় সরকারের আগ্রহ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আগ্রহী জানিয়ে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে, সেটি পরবর্তী আলোচনার বিষয়। তবে মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের আগ্রহ রয়েছে।
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে নীতিমালা হচ্ছে
ব্যাটারিচালিত অটোরিকশার কিছু ইতিবাচক দিক রয়েছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, তবে যানবাহনটি কোনোভাবেই নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া যায় না। এ বিষয়ে সরকার একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে। নীতিমালার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

