জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত অভিনন্দন প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অতিরিক্ত গেজেট জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এতে স্বাক্ষর করেন।
গেজেটে উল্লেখ করা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার বিবেচনায় বাংলাদেশের জন্য এ ঘটনা বিশেষ মর্যাদা ও ঐতিহাসিক তাৎপর্য বহন করে।
একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘে প্রতিনিধিত্ব
অভিনন্দন প্রস্তাবে বাংলাদেশের রাজনীতিতে একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে দেশের প্রতিনিধিত্বের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
গেজেট অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন। তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও ১৯৯৬ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন।
একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্বের ঘটনাকে বিরল ও অনন্য ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছে মন্ত্রিসভা।
চার দিনের সফরে ২৩ কর্মসূচি
গেজেটে বলা হয়েছে, চার দিনের জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী মোট ২৩টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেন তিনি।
এ ছাড়া সফরকালে ১১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। একই সময়ে জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার প্রশংসা
মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের অঙ্গীকার ও প্রত্যাশা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়েছে। পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়।
এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রস্তাবটি গ্রহণ করা হয়।
পরে মন্ত্রিসভায় গৃহীত ওই অভিনন্দন প্রস্তাবটি সর্বসাধারণের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

