মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের সঙ্গে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সভায় মহানগর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার জে এম সেন হল পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেবেন। এ সময় তিনি দলের নেতাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়েই তাঁর বার্তা ও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে নগরে বিভিন্ন কর্মসূচি ও নিরাপত্তা প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে জে এম সেন হল পরিদর্শনে যান মাহবুবের রহমান শামীম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়ত হোসেন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ অন্যরা।
মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সভায় আলোচনার নির্দিষ্ট বিষয় বা সিদ্ধান্ত সম্পর্কে আগাম বিস্তারিত জানাননি মাহবুবের রহমান শামীম।

