প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে চাকরিতে ফেরার দাবিতে ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক :মোঃ রাকিব
spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চাকরিতে পুনর্বহাল ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘদিন ব্যাংকিং খাতে কাজ করার পর চাকরি হারিয়ে আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক সংকটে পড়েছেন বলে দাবি তাঁদের। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

- Advertisement -

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে চট্টগ্রামের লালখান বাজারে ফ্লাইওভারের মুখে জড়ো হয়ে অবস্থান নেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা চাকরিতে পুনর্বহালসহ নিজেদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের অভিযোগ, যথাযথ ন্যায়বিচার ও কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়াই তাঁদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে শুধু তাঁরা নন, তাঁদের পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

সাবেক কর্মকর্তা-কর্মচারীরা জানান, চাকরি হারানোর পর অনেকেই চরম অর্থকষ্টে পড়েছেন। দীর্ঘদিনের কর্মজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে তাঁদের অনেকে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন। এমনকি আর্থিক সংকটের মধ্যে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তাঁরা।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালনের পর চাকরিচ্যুত হয়ে তাঁরা এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ও অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে পুনরায় চাকরিতে ফেরার সুযোগ দেওয়া প্রয়োজন।

তাঁরা আরও বলেন, ‘আমরা চাকরিতে পুনর্বহাল, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান চাই। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হলে আমরা আবারও কর্মস্থলে ফিরে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারব।’

চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ