বিদেশি সহায়তা নয়, নিজস্ব সক্ষমতায় এগোতে চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বাংলাদেশ এখন আর বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না; বরং নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ এখন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে চায়।

- Advertisement -

সোমবার (২৬ অক্টোবর) জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের প্রথম দিনের কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির জানান, জাপান সফরের প্রথম দিন প্রধানমন্ত্রীকে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করতে হয়েছে। মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় ও শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক শেষে আলোচনার বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকার এবং গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের অংশীজনেরা বাংলাদেশের নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে আগ্রহী।

তিনি আরও বলেন, জাপান সফরেও প্রধানমন্ত্রীকে ঘিরে বিভিন্ন পর্যায়ে আগ্রহ দেখা যাচ্ছে। সফরের পরবর্তী দিনগুলোতে সরকারি ও বেসরকারি খাতের জ্যেষ্ঠ প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও জাপানের বেসরকারি খাতের আগ্রহ রয়েছে।

বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনার সরকারের আমলে বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, সেগুলো কাটিয়ে নতুন অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, অতীতে দুই দেশের সম্পর্কে আস্থার ঘাটতি ও দুর্নীতির মতো বিষয় নিয়ে উদ্বেগ ছিল। বর্তমানে গণতান্ত্রিক উত্তরণের প্রেক্ষাপটে জাপান বাংলাদেশের সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।

বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ এখন নিজের সক্ষমতার ওপর দাঁড়িয়ে উন্নয়ন করতে চায়। বিভিন্ন দেশের সঙ্গে এমন সম্পর্ক গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে সহায়তার পরিবর্তে বিনিয়োগ, পারস্পরিক স্বার্থ ও অর্থনৈতিক সহযোগিতা প্রাধান্য পাবে।

হুমায়ুন কবিরের মতে, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং অংশীদার দেশগুলোর সঙ্গে আস্থার সম্পর্ক প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর জাপান সফরের মাধ্যমে এসব ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।

সর্বশেষ