মিরপুর-১০-এ শ্রমিক-পুলিশ সংঘর্ষের অবসান, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টা ধরে চলা অবরোধ ও উত্তেজনার পর রোববার দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি শান্ত হতে শুরু করে।

- Advertisement -

সকাল থেকেই বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ৮টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশ একাধিকবার অনুরোধ জানালেও শ্রমিকেরা সড়ক ছাড়তে রাজি হননি। পরে বেলা সোয়া ১১টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটার পাশাপাশি জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়। তবে কিছুক্ষণ পর শ্রমিকেরা বিভিন্ন দিক থেকে আবারও সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

প্রায় ৪৫ মিনিট ধরে চলা সংঘর্ষ ও উত্তেজনার পর দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান। এতে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এবং সংঘর্ষের অবসান ঘটে।

অন্যদিকে, শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের প্রবেশপথ বন্ধ রাখা হয়। ফলে মেট্রোরেলের যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি সড়কে যান চলাচল বন্ধ থাকায় পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়।

সর্বশেষ