মসজিদের জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়ার অভিযোগে ময়মনসিংহের নান্দাইলে এক খতিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিন বছর ধরে দায়িত্ব পালন করে আসা মাওলানা মোজাহিদুল ইসলামের বিরুদ্ধে মসজিদ কমিটির এ সিদ্ধান্ত ঘিরে স্থানীয় মুসল্লি ও বাসিন্দাদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদে। খতিব ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর শুক্রবারের খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ বিষয়ে আলোচনা করছিলেন মাওলানা মোজাহিদুল ইসলাম। এ সময় ভাস্কর্যের উদাহরণ দিতে গিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করেন বলে অভিযোগ ওঠে।
এরপর মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাঁকে খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। ধর্মীয় আলোচনার অংশ হিসেবেই ভাস্কর্য প্রসঙ্গে উদাহরণ দিয়েছিলেন। তাঁর দাবি, মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া। তাঁর দাবি, খতিবের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং মসজিদের ভেতরে রাজনৈতিক সভা আয়োজনের অভিযোগ রয়েছে। এ ছাড়া এক বছর আগে স্থানীয় এক ছাত্রদল নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে দোয়া চাইতে গেলে তিনি দোয়া পড়াননি বলেও অভিযোগ করেন সভাপতি।
ফেরদৌস ভূঁইয়া জানান, শুধু সাম্প্রতিক খুতবায় শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য নয়, বরং বিভিন্ন অভিযোগ বিবেচনা করেই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। বাসিন্দা আব্দুল হক ও সোলাইমান মিয়ার মতে, খতিবের বক্তব্য নিয়ে আপত্তি থাকলে মসজিদ কমিটি আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করতে পারত। এভাবে সরাসরি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যথাযথ হয়নি বলে মনে করেন তাঁরা।
তিন বছর ধরে দায়িত্ব পালন করা একজন খতিবকে কেন্দ্র করে এমন সিদ্ধান্তের ঘটনায় এলাকায় এখনো আলোচনা চলছে।

