পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন, আজ থেকেই কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক :
spot_img

তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার (১ নভেম্বর) থেকে এ বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বৈঠক করে শ্রমিকদের মজুরি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

- Advertisement -

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

শ্রমমন্ত্রী বলেন, শ্রম আইন অনুসরণ করে ছয় সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। আজ থেকেই বোর্ড আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। শিগগিরই বোর্ডের সভা আয়োজন করে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এ সময় আন্দোলনরত শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রাজপথে বিক্ষোভ না করে শ্রমিকেরা যেন নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজে যোগ দেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। ওই বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, পরদিনই নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হবে।

শ্রমিক নেতাদের বিভিন্ন দাবির বিষয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের পক্ষ থেকে উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিল্পকারখানার সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। দাবির পক্ষে সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

সর্বশেষ