শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের ২৮ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, নাশকতার পরিকল্পনা এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের অন্তত ২৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

- Advertisement -

রোববার দুপুরে ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান এবং ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু নাসের রিকাবদার আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনকে মিরপুর-১০ ও আশপাশের এলাকা থেকে নাশকতার পরিকল্পনা এবং সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। অন্যদিকে, সহিংসতার পর মিছিল বের করার প্রস্তুতিকালে আরও ১৭ জনকে আটক করে ডিএমপির মিরপুর বিভাগ।

ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান বলেন, পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি রাজনৈতিক চক্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সাধারণ শ্রমিকদের আন্দোলনে নিজেদের লোকজন যুক্ত করে সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন। প্রাথমিক তদন্তে পল্লবী ও রূপনগর এলাকার পলাতক সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর ভাগ্নে আলিফ মোল্লাহকে নাশকতার প্রধান সমন্বয়ক হিসেবে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন জেলা থেকে দলীয় কর্মীদের ঢাকায় এনে মিরপুর এলাকায় সংগঠিত করার দায়িত্বে ছিলেন তিনি।

রাকিব খান আরও জানান, রোববারের সহিংসতায় সাধারণ শ্রমিকদের সঙ্গে মিশে শতাধিক রাজনৈতিক নেতাকর্মী অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আটক ব্যক্তিদের মধ্যে রাকিব ও আরিফ নামের দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্যদের পরিচয় যাচাই করা হচ্ছে।

এদিকে শ্রমিক আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ছাত্রলীগ নেতার পোস্ট ও ছবি প্রকাশের বিষয়টিও আলোচনায় এসেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সাধারণ শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে একটি পক্ষ সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিবুল ইসলাম রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আন্দোলনসংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেন। দুপুর ২টা ১৭ মিনিটে দেওয়া একটি পোস্টে তিনি আওয়ামী লীগ জনগণের শক্তির ওপর নির্ভর করে কর্মসূচি দেবে বলে মন্তব্য করেন। এর আগে শ্রমিকদের ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

অন্যদিকে, রোববার বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের কারণে মেট্রোরেলের পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ নম্বর স্টেশনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়।

সংঘর্ষের পর দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম। তিনি বলেন, সাধারণ শ্রমিকদের আন্দোলনের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সদস্যরা অনুপ্রবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, জনদুর্ভোগ কমানো এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে সড়ক চলাচলের উপযোগী করা হয়েছে।

এদিকে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে মিরপুরসহ আশপাশের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ