নিজস্ব প্রতিবেদক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু হয়। শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
আন্দোলনকারী শ্রমিকেরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরি দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে সাড়ে ১২ হাজার টাকা বেতনে পরিবারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এ অবস্থায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানান তারা। পাশাপাশি কোনো ধরনের অন্যায়ভাবে শ্রমিকদের কালো তালিকাভুক্ত না করা এবং অযৌক্তিকভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও পরে তারা কারখানা থেকে বেরিয়ে এসে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, তিন দফা দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

