মহাখালী থেকে ডিবির হাতে আটক শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজ কার্যালয় থেকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) কার্যালয় থেকে বের হওয়ার সময় তাকে নিয়ে যান ডিবি সদস্যরা।

- Advertisement -

ডিবিসি নিউজের একাধিক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন অভিযোগে বা কী কারণে নিয়ে যাওয়া হয়েছে, সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক জানান, বুধবার অফিস থেকে বের হওয়ার সময় ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি সদস্যরা সঙ্গে নিয়ে যান। পরে তারা জানতে পারেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হয়েছে। তবে বিষয়টি আটকের পর্যায়ে পড়ছে কি না, সে বিষয়ে শুরুতে নিশ্চিত হতে পারেননি তারা।

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া কোনো মামলার সূত্র ধরে তাকে নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ডিবিসি নিউজের কর্মীরা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।

এদিকে একই সময়ে ডিবিসি নিউজের ক্রাইম চিফ ও জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব ঘোষের সঙ্গেও কথা বলতে চান ডিবি সদস্যরা। তাকে কার্যালয় থেকে ডিবি সদস্যদের সঙ্গে যাওয়ার অনুরোধ জানানো হয়।

মুক্তাদির অনিকের ভাষ্য অনুযায়ী, রাজীব ঘোষ দীর্ঘদিন ধরে অপরাধবিষয়ক সংবাদ নিয়ে কাজ করছেন। পুলিশের বিভিন্ন পর্যায়ে তার পরিচিতি ও যোগাযোগ থাকায় ডিবি সদস্যরা তার সঙ্গে কিছু বিষয়ে কথা বলতে চেয়েছেন। তবে তাকে আটক করা হয়েছে কিংবা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে—এমন কোনো তথ্য তারা নিশ্চিত করতে পারেননি।

মুক্তাদির অনিক আরও জানান, ইকবাল সোবহান চৌধুরীর বর্তমানে ডিবিসি নিউজে কোনো পদ নেই। তিনি এর আগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ঘটনায় ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যাওয়ার কারণ এবং রাজীব ঘোষের সঙ্গে ডিবি সদস্যদের আলোচনার বিষয়টি এখনো স্পষ্ট হয়নি।

সর্বশেষ