পোশাকশ্রমিকদের বেতন কাঠামো দ্রুত পুনর্নির্ধারণের আহ্বান শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ দূর করতে দ্রুত নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সিদ্ধান্ত নিতে দেরি হলে দেশের তৈরি পোশাকশিল্পে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

- Advertisement -

বুধবার (৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকেরা বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। এ পরিস্থিতিতে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিকে কাজে লাগিয়ে সুযোগসন্ধানী মহল অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে। তাই সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং রপ্তানি আয়ের বড় উৎস। এ খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিলে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। শিল্পকে রক্ষা করতে হলে শ্রমিকদের জীবনমান ও ন্যায্য অধিকার নিশ্চিত করাও জরুরি।

জামায়াত আমিরের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সীমিত বেতনে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই শ্রমিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের কর্মস্থল ও প্রতিষ্ঠান রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে। একই সঙ্গে শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখাও সবার দায়িত্ব।

মালিকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, শ্রমিকদের প্রতিষ্ঠানের বাইরের কেউ মনে না করে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ তৈরি হলে শ্রমিক-মালিক বিরোধ নিরসন সহজ হবে।

সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আর যেন কোনো ক্ষয়ক্ষতি বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সরকারকে দ্রুত দায়িত্ব পালন করতে হবে।

এদিকে গাজীপুরের শ্রীপুরে তৌফিক নামে এক পোশাকশ্রমিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ