টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ সেনাসদস্য মো. তিতাস শেখ (২৮) মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৮টা ৪৮ মিনিটে রামু ১০ পদাতিক ডিভিশনের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মানব পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। পাশাপাশি অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

- Advertisement -

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৃহস্পতিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার দুর্গম পাহাড়ে মানব পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় পাচারকারীদের সঙ্গে বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়। এতে সেনাবাহিনীর সদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চলাকালে সন্ত্রাসীদের ছোড়া গুলি তিতাস শেখের বুকের বাঁ পাশের ওপরের অংশে লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে টেকনাফের লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, যৌথ বাহিনীর সদস্যরা পাহাড়ে অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বিভিন্ন পাহাড়ে দুই শতাধিক মানুষকে আটকে রেখেছিল একটি পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী। তাঁদের উদ্ধারে বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত অভিযান চালায় যৌথ বাহিনী।

অভিযানটি পরিচালিত হয় রোহিঙ্গা আশ্রয়শিবির ২৪ ও ২৬-এর মধ্যবর্তী কাঁটাতারের বেড়া থেকে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। অভিযান শেষে মানব পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার এবং অস্ত্রসহ তিনজনকে আটক করা হয় বলে আইএসপিআর জানিয়েছে।

নিহত তিতাস শেখের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আফজাল হোসেনের ছেলে। বিবাহিত তিতাস টেকনাফের রঙ্গিখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। মানব পাচারবিরোধী অভিযানে অংশ নিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।

সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত তিতাস শেখের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সর্বশেষ