আন্তর্জাতিক পরমাণু সংস্থার বিরুদ্ধে তেহরানের পক্ষপাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার অভিযোগ তুলেছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, গ্রোসি নিরপেক্ষ ভূমিকা পালনের পরিবর্তে কার্যত যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে কাজ করছেন। এমনকি তিনি তেহরানের শত্রুদের অনুগত হিসেবেও কাজ করছেন বলে অভিযোগ করেন এসলামি।

- Advertisement -

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ এসলামির অভিযোগ, আইএইএ প্রধান ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যুক্তরাষ্ট্রসহ শত্রুপক্ষের কাছে সরবরাহ করছেন। আন্তর্জাতিক সংস্থার ক্ষমতার এ ধরনের অপব্যবহার প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

এসলামি আরও বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর এমন ভূমিকা জাতিসংঘ সনদ এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) দুর্বলতাগুলো সামনে নিয়ে এসেছে। তাঁর মতে, এসব প্রতিষ্ঠানের দায়িত্ব কোনো নির্দিষ্ট দেশের স্বার্থ রক্ষা করা নয়, বরং আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা নিরপেক্ষভাবে বাস্তবায়ন করা।

এর আগে গত সেপ্টেম্বর মাসে ভিয়েনায় আইএইএর বার্ষিক সাধারণ সম্মেলনে অংশ নিতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন ইরানের পরমাণু প্রধান মোহাম্মদ এসলামি। তেহরানের অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের চাপের কারণে অস্ট্রিয়া তাঁকে সম্মেলনে যোগ দিতে বাধা দেয়।

এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে দ্রুত প্রবেশাধিকার চেয়ে আসছে আইএইএ। সংস্থাটির পক্ষ থেকে এসব স্থাপনার পরিস্থিতি যাচাই ও পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে তেহরান এ বিষয়ে আপত্তি জানিয়ে বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শনের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ও কারিগরি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ইরানের মতে, প্রয়োজনীয় শর্ত পূরণ না করে এসব স্থাপনায় প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়।

ইরানের এমন বক্তব্যে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও আইএইএর মধ্যে চলমান মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ