বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অতীতেও ক্ষমতাসীনরা অনেক আইন পাস করেছে, কিন্তু সেসব আইন শেষ পর্যন্ত টেকেনি। জোরজবরদস্তি করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বেশি মরিয়া হয়ে উঠেছিল। গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে দলটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ
বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, দলটি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। মরহুম বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনের ঘটনাও তারা ভুলে গেছে বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের নির্যাতনের ইতিহাস বিএনপি কীভাবে এত সহজে ভুলে যাচ্ছে, তা বোধগম্য নয়। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান যে ঐতিহাসিক ভুলের মাশুল দিয়েছেন, একই ভুলের মূল্য যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে না হয়।
জামায়াতের সঙ্গে জোট আদর্শিক নয়
জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোটের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জামায়াতের সঙ্গে তাদের জোট এজেন্ডাভিত্তিক। এটি কোনো আদর্শিক জোট নয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপি আহ্বায়ক। তিনি জানান, সারা দেশে এককভাবে প্রার্থী দেবে তার দল।
সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গাইবান্ধায় পৌঁছালে কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা।

