সাহস থাকলে দেশে আসুন, টিকিট দিয়ে দেব’: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রয়োজনে দেশে ফেরার জন্য তাকে টিকিট দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

- Advertisement -

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা দেশের মানুষকে হত্যা করে বিদেশে পালিয়ে গেছেন, তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি ও বক্তব্য দিচ্ছেন। তবে বাংলাদেশের মানুষ এসব হুংকারে আর বিভ্রান্ত হবে না। সাহস থাকলে গোপনে নয়, প্রকাশ্যে দেশে ফিরে আসার আহ্বান জানান তিনি। প্রয়োজনে দেশে ফেরার টিকিট দেওয়ার কথাও উল্লেখ করেন।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, বিগত সময়ে মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারী ও শিশুসহ যারা প্রাণ হারিয়েছেন, তাদের হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই নিশ্চিত করা হবে। পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোরও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা ব্যাহত করতে কোনো পক্ষ ষড়যন্ত্র কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এলাকায় সন্দেহজনক কাউকে দেখলে আইন নিজের হাতে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

এ সময় নান্দাইলের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে ১৮৬টি সড়কে ইটের সোলিং করা হয়েছে। আরও ১০৪টি সড়কের জন্য বরাদ্দ পাওয়া গেছে। এ ছাড়া সড়ক সংস্কারে সাড়ে ১১ কোটি টাকার অনুদান আনা হয়েছে। গৃহহীনদের জন্য ৩৬টি ঘর দেওয়া হয়েছে এবং চলতি বছরে আরও ১০৪টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, জাহাঙ্গীরপুর ও চরবেতাগৈর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন অনুমোদনের প্রক্রিয়া চলছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনগণের মতামত ও জরিপের ভিত্তিতে আগামী নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

নিজের বক্তব্যের শেষ পর্যায়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইয়াসের খান চৌধুরী বলেন, তিনি জনগণের একজন কর্মী হিসেবে কাজ করে যেতে চান। এলাকার উন্নয়ন এবং সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নান্দাইলের চন্ডিপাশা স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। একপর্যায়ে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

সর্বশেষ