চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১১৫৪

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৯৮, অভিভাবকের জিম্মায় ৩৯৩ জন

নিজস্ব প্রতিবেদক
spot_img

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানের অংশ হিসেবে কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমে আটক করা হয়েছে ৫৯৮ জনকে। তাঁদের মধ্যে ৩৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২০৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

- Advertisement -

শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয়। রোববার (৮ নভেম্বর) দুপুরে রেঞ্জ পুলিশের পক্ষ থেকে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮০ জন, আগের মামলার আসামি ৬৬ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৬১ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৮৫ জন এবং সাজা পরোয়ানামূলে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরাধ দমনের পাশাপাশি মাদকবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য সাফল্যের কথা জানিয়েছে পুলিশ। এ অভিযানে ৭৬ জন মাদকসেবী এবং মাদক কারবারের অভিযোগে নিয়মিত ও অন্যান্য মামলায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।

অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৩৮ হাজার ১৩৭টি ইয়াবা বড়ি, ২৭ কেজি ৩৬০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ৯ বোতল বিদেশি মদ।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২৯ জন সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ। জেলাভিত্তিক হিসাবে চাঁদপুরে সর্বোচ্চ ৫৫ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া কুমিল্লায় ২৬, চট্টগ্রামে ১৫, নোয়াখালীতে ৯, লক্ষ্মীপুরে ৭, ব্রাহ্মণবাড়িয়ায় ৬, খাগড়াছড়িতে ৬, ফেনীতে ২, রাঙামাটিতে ২ এবং কক্সবাজারে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি আটক করা হয়েছে কুমিল্লা জেলায়। সেখানে ২৬৪ জনকে আটক করা হয়। চট্টগ্রামে ১১১ জন, লক্ষ্মীপুরে ৫৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, চাঁদপুর ও নোয়াখালীতে ২৭ জন করে, কক্সবাজারে ২৬, ফেনী ও খাগড়াছড়িতে ১৩ জন করে, বান্দরবানে ১২ এবং রাঙামাটিতে ১১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে অভিভাবকদের কাছে হস্তান্তরের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সর্বশেষ