শেখ মুজিবের অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সিপাহী-জনতার বিপ্লব: টুকু

বিএনপির নেতাকর্মীদের জনগণের দুর্ভোগের কারণ না হওয়ার আহ্বান, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক:শেখ মুজিবুর রহমানের শাসনামলে মানুষের বাকস্বাধীনতা হরণ, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের অভিযোগ তুলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এসব অনাচারের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সিপাহী-জনতার বিপ্লব ঘটিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়।

- Advertisement -

রোববার (৮ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল শহীদ মিনারে এ সভা অনুষ্ঠিত হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বাধীনতার পর দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাকস্বাধীনতা ফিরে পাওয়ার প্রত্যাশা করেছিল। কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। শেখ মুজিবুর রহমানের শাসনামলে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এসব পরিস্থিতির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে সিপাহী-জনতার বিপ্লব ঘটায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, তারেক রহমান নিজেই নেতাকর্মীদের শেখাচ্ছেন কীভাবে জনগণের জন্য কাজ করতে হয়, জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে হয় এবং রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হয়।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ডিসেম্বরে একটি দলের নেত্রী দেশে আসবেন বলে শোনা যাচ্ছে। অতীতের আন্দোলনগুলোর সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, ওই দলের নেতাকর্মীরা যে অবস্থায় দেশ ছেড়ে গেছেন, সে অবস্থায়ই পালিয়ে গেছেন। দেশে ফিরতে হলে তাদের প্রস্তুতি নিয়ে আসতে হবে। তাদের বিভিন্ন বক্তব্যকে ফাঁকা আওয়াজ উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তাঁর ভাষ্য, বিএনপি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি ষড়যন্ত্রে সফল হতে পারবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে। তবে এ জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় এবং সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

জনগণের প্রতি জবাবদিহির বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভোটাররা বিএনপিকে নির্বাচিত করেছেন তাদের সেবা ও এলাকার উন্নয়নের জন্য। তাই জনগণের কাছে নেতাকর্মীদের জবাবদিহি করতে হবে। নির্বাচনের আগে টাঙ্গাইলের সর্বোচ্চ উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

কিশোর গ্যাং ও মাদক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এসব অপরাধে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব।

সভায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ