পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন নৌকার অন্য যাত্রীরা। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার (৮ নভেম্বর) সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নৌকাডুবির এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রাজধানী ডাকার থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে কেবেম উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাটি অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল।
পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর সমুদ্রপথটি অভিবাসীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। উন্নত জীবনের আশায় প্রতিবছর অসংখ্য মানুষ এই বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন।
অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারসের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে ৬৩৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।
সেনেগালের উপকূলে সর্বশেষ এই নৌকাডুবির ঘটনা ইউরোপে যাওয়ার আশায় ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নেওয়া অভিবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: রয়টার্স

