বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়াবিদদের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হতে পারে ‘আকভান’। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ ও কোথায় আঘাত হানতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো পূর্বাভাস পাওয়া যায়নি।

- Advertisement -

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়ার পাশাপাশি দেশের কিছু এলাকায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে।

প্রাথমিক গাণিতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, গভীর লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য গতিপথের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে এটি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে, তা নির্ভর করছে পরবর্তী সময়ে এর গতিবিধি ও শক্তি বৃদ্ধির ওপর।

আবহাওয়াবিদ খন্দকার হাফিজ আহমেদ বলেন, ১৮ নভেম্বরের পর সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কিছু এলাকায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে।

এদিকে গভীর লঘুচাপকে কেন্দ্র করে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার জারি করা বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যেতে জেলেদের অনুরোধ জানানো হয়েছে।

নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অতীত ইতিহাসও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। ঘণ্টায় প্রায় ২২৩ কিলোমিটার বেগে আঘাত হানা এই ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড়ে প্রাণ হারান হাজার হাজার মানুষ।

এর আগে ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলে আঘাত হানে ভয়াবহ ভোলা ঘূর্ণিঝড়। প্রায় ৩০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্রাণ হারান কয়েক লাখ মানুষ। ভয়াবহ এই দুই দুর্যোগের স্মৃতি থাকায় নভেম্বর মাসে বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিলে উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকভাবেই সতর্কতা বাড়ে।

তবে আবহাওয়াবিদদের মতে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রকৃত গতিপথ, শক্তি ও প্রভাব সম্পর্কে নিশ্চিত হতে পরবর্তী আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ জরুরি। আপাতত গভীর সাগরে অবস্থানরত জেলেদের সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ