নিজস্ব প্রতিবেদক : পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও কারখানার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। শ্রমিক আন্দোলনের নামে কারখানায় বিশৃঙ্খলা, উৎপাদন বন্ধ ও ভাঙচুরের ঘটনা অব্যাহত থাকলে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ এবং শ্রমিকদের বিনা বেতনে ছুটিতে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তাঁর দাবি, ইতিমধ্যে শ্রমিক অসন্তোষের কারণে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে প্রায় দেড় হাজার পোশাক কারখানার মালিকের অংশগ্রহণে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে মালিকপক্ষের অবস্থান তুলে ধরেন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, কিছুসংখ্যক শ্রমিক বাইরের মহলের উসকানিতে কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাঁরা নিজেরা কাজে অংশ নিচ্ছেন না, অন্য শ্রমিকদেরও কাজে বাধা দিচ্ছেন। হুমকি ও চাপের মুখে অনেক শ্রমিক কাজ না করেই হাজিরা কার্ড পাঞ্চ করে কারখানা থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
এ পরিস্থিতিতে গত কয়েক দিনে কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, একদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে জাতীয় অর্থনীতিও ক্ষতির মুখে পড়ছে। চলমান অস্থিরতার কারণে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রমও স্বাভাবিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
মাহমুদ হাসান খান বাবু জানান, গত ১২ থেকে ১৩ দিন ধরে মালিকেরা কারখানা সচল রাখার চেষ্টা করেছেন। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। গত বৃহস্পতিবার পর্যন্ত শ্রম আইনটির ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ ছিল। শনিবার আরও ৯২টি কারখানায় উৎপাদন সম্ভব হয়নি। এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় তিন লাখ।
তিনি বলেন, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হলে মালিকপক্ষ শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ রাখতে পারবে। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার সুযোগ রয়েছে। এ ধারায় বেআইনি ধর্মঘটের কারণে কোনো প্রতিষ্ঠান বা তার শাখা বন্ধ করা হলে সংশ্লিষ্ট শ্রমিকেরা ওই সময়ের জন্য মজুরি পাবেন না।
বিজিএমইএ সভাপতি আরও বলেন, মজুরি বোর্ডে থাকা শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন, চলমান বিশৃঙ্খলার সঙ্গে তাঁদের শ্রমিকদের সম্পৃক্ততা নেই। তবে শ্রমিক ফেডারেশনগুলোর নেতৃত্ব মাঠপর্যায়ের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না। ফলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠেছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মজুরি বোর্ডের বৈঠকে অংশ নেবে মালিকপক্ষ
কারখানায় ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার মধ্যেও আগামী ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে অংশ নেওয়ার কথা জানিয়েছেন পোশাকশিল্পের মালিকেরা। একই দিন মালিকপক্ষ তাদের নতুন মজুরি প্রস্তাব জমা দেবে।
মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘কারখানা ভাঙচুর চলবে, একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রচেষ্টা প্রশ্নবিদ্ধ। তবু আমরা ১৬ নভেম্বরের আলোচনায় অংশ নেব।’
তিনি বলেন, মজুরি বোর্ডকে স্বাভাবিক ও সুশৃঙ্খলভাবে কাজ করতে না দিলে শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে যথাযথ প্রস্তাব তৈরি করা কঠিন হবে। তারপরও নির্ধারিত সময়েই মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেবে।
শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা
তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তখন মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। অর্থাৎ মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। নতুন কাঠামো পরবর্তী মাস থেকে কার্যকর হয়।
চলতি বছর শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সেই হিসাবে চলতি নভেম্বরে পোশাকশিল্পের বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।
নতুন মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় গত সোমবার। ওই বৈঠকে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেয়। এতে একজন পোশাকশ্রমিকের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
আগামী ১৬ নভেম্বর মালিকপক্ষের প্রস্তাব পাওয়ার পর দুই পক্ষের দাবিদাওয়া পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করবে স্বাধীন মজুরি বোর্ড। আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো একমত হয়েছে।
এদিকে নতুন মজুরি কাঠামো নির্ধারণের গুরুত্বপূর্ণ সময়েই শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও উৎপাদন বন্ধের ঘটনা মালিক-শ্রমিক আলোচনাকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার পাশাপাশি মজুরি বোর্ডের আলোচনা নির্বিঘ্ন রাখাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

