আন্তর্জাতিক ডেস্ক: পর্যটন ও স্বর্ণ বাণিজ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন এক আকর্ষণীয় প্রকল্প হাতে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটিতে তৈরি করা হচ্ছে ২৪ ক্যারেট খাঁটি সোনায় নির্মিত বিশেষ হাঁটার পথ। প্রকল্পটি চালু হলে পর্যটকেরা স্বর্ণের তৈরি এই পথে হাঁটার ব্যতিক্রমী অভিজ্ঞতা নিতে পারবেন। আয়োজকদের দাবি, এটিই হবে বিশ্বের প্রথম ও দীর্ঘতম সোনার হাঁটার পথ।
চলতি বছরের শেষ নাগাদ পথটি চালুর পরিকল্পনা থাকলেও আগামী এক মাসের মধ্যেই পর্যটকদের জন্য উন্মুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গালফ টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের জ্যেষ্ঠ পরিচালক রশিদ আল হারমুদি বলেন, নতুন এই পথ দর্শনার্থীদের স্বর্ণকে ঘিরে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে। একই সঙ্গে আন্তর্জাতিক স্বর্ণ ব্যবসা ও পর্যটনকেন্দ্র হিসেবে দুবাইয়ের পরিচিতি আরও বাড়বে।
দুবাইয়ের দেইরা এলাকায় অবস্থিত গোল্ড ডিস্ট্রিক্টের যাত্রা শুরু হয় ২০২৬ সালের জানুয়ারিতে। স্বর্ণ, গয়না, বুলিয়ন, পাইকারি বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমকে একটি নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গোল্ড ডিস্ট্রিক্টে বর্তমানে স্বর্ণ ও গয়নার পাশাপাশি সুগন্ধি, প্রসাধনী এবং লাইফস্টাইল পণ্যের এক হাজারের বেশি খুচরা বিক্রয়কেন্দ্র রয়েছে। আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়ীদের আকৃষ্ট করতে এখানে আরও বাণিজ্যিক অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্বর্ণ ও জুয়েলারি বাণিজ্য প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বাড়ানো হচ্ছে অফিস ও দোকানের জায়গাও।
রশিদ আল হারমুদি জানান, চলতি বছরের শুরু থেকে গোল্ড ডিস্ট্রিক্টে নতুন পাইকারি স্বর্ণ ব্যবসার অফিস খোলার হার ২০ শতাংশ বেড়েছে। একই সময়ে স্বর্ণ, গয়না, মূল্যবান পাথর ও বিলাসবহুল ঘড়ির নতুন দোকানের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ।
আগামী এক বছরে জেলাটিতে নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা আরও ১০ থেকে ২০ শতাংশ বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্বর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত দুবাই দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রেতা ও পর্যটকদের আকৃষ্ট করে আসছে। এবার ২৪ ক্যারেট সোনার হাঁটার পথ চালুর উদ্যোগ সেই আকর্ষণে নতুন মাত্রা যোগ করতে পারে। একই সঙ্গে পর্যটন ও বাণিজ্যকে এক ছাতার নিচে এনে গোল্ড ডিস্ট্রিক্টকে আন্তর্জাতিক পরিসরে আরও পরিচিত করার লক্ষ্য রয়েছে কর্তৃপক্ষের।

