মধ্যপ্রাচ্যে ‘মাফিয়া বসের’ মতো আচরণ করছে যুক্তরাষ্ট্র: মিকে পেলেড

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন প্যালেস্টাইন হাউস অব ফ্রিডমের প্রতিষ্ঠাতা ও পরিচালক মিকে পেলেড। তার অভিযোগ, ওয়াশিংটন এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে এমন আচরণ করছে, যেন তারা কোনো মাফিয়া চক্রের প্রধান। যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে সহযোগিতা না করলে দেশগুলোকে ধ্বংসের ঝুঁকিতে পড়তে হতে পারে—এমন ভয় দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

- Advertisement -

শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটন থেকে সম্প্রচারিত রাশিয়ার সংবাদমাধ্যম আরটি আয়োজিত এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মিকে পেলেড। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে আলোচনাটি অনুষ্ঠিত হয়। ওই বক্তব্যে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেছিলেন রুবিও।

মিকে পেলেড বলেন, উপসাগরীয় দেশগুলোর নেতারা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করলে তাদের দেশগুলোর পরিণতি ইরাক, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনের মতো হতে পারে। অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপের উদাহরণ টেনে তিনি বলেন, ওয়াশিংটনের নির্দেশ অমান্য করলে দেশগুলো ধ্বংসের মুখে পড়তে পারে—এমন বাস্তবতা নেতাদের সামনে রয়েছে।

তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সহযোগিতার পেছনে আস্থার চেয়ে নিজেদের অস্তিত্ব ও স্থিতিশীলতা রক্ষার বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ।

আলোচনায় অংশ নিয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ মারান্দি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য ইসরায়েলকে দায়ী করেন। তিনি ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং গাজায় চলমান হত্যাযজ্ঞের প্রসঙ্গ তুলে বলেন, ইসরায়েলের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রও এ অঞ্চলের সংকটকে আরও গভীর করেছে।

মারান্দির অভিযোগ, ইরাক ও আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান এবং সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরির পেছনেও যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। এ প্রসঙ্গে তিনি ২০১২ সালের ফেব্রুয়ারির একটি ইমেলের কথা উল্লেখ করেন। ওই ইমেলে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের উপদেষ্টা জ্যাক সুলিভান সিরিয়ায় আল-কায়েদার অবস্থান নিয়ে মন্তব্য করেছিলেন বলে তিনি জানান।

অন্যদিকে, লেবানিজ আর্মি মিলিটারি একাডেমির আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির অধ্যাপক নাঈম জোসেফ সালেম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

তিনি সতর্ক করে বলেন, সংঘাত বাড়লে উপসাগরীয় দেশগুলো নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি রাখার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত হতে পারে। বিশেষ করে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক উপস্থিতির কারণে এসব দেশ ইতোমধ্যে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আরটি

সর্বশেষ