নিজস্ব প্রতিবেদক : দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ হতে পারে। প্রথম ধাপের নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি। কোন ইউনিয়নে কোন তারিখে ভোট হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সানাউল্লাহ বলেন, ধাপভিত্তিক ইউনিয়নের সংখ্যা ও উপজেলা নির্ধারণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নাম প্রকাশ করা হবে।
পঞ্চম ধাপে তুলনামূলক কমসংখ্যক ইউনিয়ন রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, কোনো ইউনিয়নে আইনি জটিলতা বা অন্য কোনো কারণে নির্বাচন আটকে গেলে পরবর্তী সময়ে সেগুলো পঞ্চম ধাপে অন্তর্ভুক্ত করা যাবে।
১০ ডিসেম্বরের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এই আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনব্যাপী সংলাপ আয়োজন করা হতে পারে।
সানাউল্লাহ জানান, নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। জাতীয় নির্বাচনের আগে যেভাবে দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একই পদ্ধতিতে সংলাপ করতে চায় কমিশন।
তিনি বলেন, ইউপি নির্বাচন শুরুর আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিভিন্ন বিষয় সংলাপে গুরুত্ব পাবে।
প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি
প্রথম ধাপের নির্বাচনের সম্ভাব্য সময়সূচি তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, ২১ জানুয়ারিকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে। তবে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের ৫০ দিন আগে বা পরে ভোটের তারিখ ঘোষণা করতে পারবেন।
কোন ইউনিয়নে ঠিক কবে ভোট হবে, তা বৃহস্পতিবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশের কথা জানিয়েছেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নে সানাউল্লাহ বলেন, কমিশন মনে করে না, এতে নেতিবাচক প্রভাব পড়বে। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করতে পারে।
তপশিল ঘোষণার সময়কার আইনেই হবে নির্বাচন
নির্বাচনী আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ থাকলেও আসন্ন ইউপি নির্বাচন তপশিল ঘোষণার দিন কার্যকর থাকা আইন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সানাউল্লাহ।
তিনি বলেন, যেদিন নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে, সেদিন যে আইন কার্যকর থাকবে, নির্বাচন পরিচালিত হবে সেই আইন অনুসারেই।
সেনা মোতায়েনের দাবি পায়নি কমিশন
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কমিশনের কাছে দাবি জানায়নি বলে জানান এই নির্বাচন কমিশনার।
তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এ ধরনের কোনো দাবি এখনো আসেনি। নির্বাচনী এলাকার পরিস্থিতি বিবেচনা করে যেখানে যে ধরনের আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজন, সেখানে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা, পর্যাপ্ততা এবং কার্যকারিতা বিবেচনা করবে কমিশন। কোনো এলাকায় সংশ্লিষ্ট বাহিনী দায়িত্ব পালনে কতটা কার্যকর, সেটিও মূল্যায়ন করা হবে।
স্মার্ট কার্ড ছাপায় চার-পাঁচ দিন ধরে সফটওয়্যার সমস্যা
কমিশন সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ও স্মার্ট কার্ড মুদ্রণের সমস্যাও আলোচনায় আসে। গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে জটিলতা দেখা দিয়েছে বলে জানান সানাউল্লাহ।
তবে এ সমস্যার কারণে এনআইডির কোনো সেবা বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, স্মার্ট কার্ড ছাপানোর কাজও বন্ধ নেই। সফটওয়্যারের সমস্যার কারণ অনুসন্ধান ও সমাধানের চেষ্টা চলছে। যেকোনো সময় সমস্যাটি সমাধান হতে পারে।
তিনি আরও জানান, কারও এনআইডি অনুমোদিত হলে তিনি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিজেই সেটি প্রিন্ট করে ল্যামিনেট করে ব্যবহার করতে পারবেন।
এনআইডি সেবার চুক্তি নবায়ন না হওয়া এবং আগের একটি অডিট আপত্তি অনিষ্পন্ন থাকার বিষয়টিও কমিশন সভায় আলোচনা হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। এ পরিস্থিতিতে কীভাবে এনআইডি সেবার কার্যক্রম চালিয়ে নেওয়া যায়, তা নিয়ে কমিশন আলোচনা করছে।

