গাজায় হজের অপেক্ষায় ১০ হাজার ফিলিস্তিনি, যেতে না পেরেই মৃত্যু ৪০০ জনের

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন করেও সৌদি আরবে যাওয়ার সুযোগ পাচ্ছেন না ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় ১০ হাজার বাসিন্দা। বছরের পর বছর অপেক্ষার মধ্যেই হজে যাওয়ার আগেই মারা গেছেন তাঁদের প্রায় ৪০০ জন। রাফাহ সীমান্ত দিয়ে চলাচলে বিধিনিষেধ এবং নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা না থাকায় এসব মানুষের হজযাত্রা এখনো অনিশ্চিত।

- Advertisement -

সোমবার (১৬ নভেম্বর) ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গাজার হজ ও ওমরাহ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ আল-আস্তালের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে হজের জন্য নিবন্ধন করা প্রায় ১০ হাজার ফিলিস্তিনি এখনো অপেক্ষমাণ রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৪০০ জন হজ পালনের সুযোগ পাওয়ার আগেই মারা গেছেন।

মোহাম্মদ আল-আস্তাল জানান, ভবিষ্যতে গাজা থেকে হজযাত্রী পাঠানোর সুযোগ তৈরি হলে ২০২৩ সালের হজের লটারিতে নির্বাচিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া নিবন্ধিত কোনো হজযাত্রী মারা গেলে তাঁর পরিবারের সদস্যদের হজে যাওয়ার সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, সৌদি আরব গাজার হজযাত্রীদের গ্রহণে প্রস্তুত রয়েছে। মিসরও যাতায়াত সহজ করার চেষ্টা করছে। তবে গাজা থেকে নিরাপদে বের হওয়া, সৌদি আরবে পৌঁছানো এবং হজ শেষে নিজ এলাকায় ফিরে আসার নিশ্চয়তা প্রয়োজন। মূলত রাফাহ সীমান্তে চলাচলের বিধিনিষেধই হজযাত্রীদের যাত্রার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনের জন্য প্রতিবছর মোট ৬ হাজার ৬০০ হজযাত্রীর কোটা বরাদ্দ রয়েছে। এর মধ্যে গাজার বাসিন্দাদের জন্য নির্ধারিত কোটা ২ হাজার ৫০৮ জন। কিন্তু সীমান্ত পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এই কোটা অনুযায়ী হজযাত্রী পাঠানো সম্ভব হচ্ছে না।

২০২৪, ২০২৫ ও ২০২৬—টানা তিন হজ মৌসুমে গাজার ফিলিস্তিনিরা হজ পালনের সুযোগ পাননি। ২০২৪ সালের মে মাসে রাফাহ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর গাজা থেকে যাতায়াত কার্যত বন্ধ হয়ে পড়ে। ওই সময় কয়েকজন হজযাত্রী সৌদি আরবে থাকার জায়গা ও যাতায়াতের ব্যবস্থাও সম্পন্ন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সীমান্ত পরিস্থিতির কারণে তাঁদের হজযাত্রা বাতিল করতে হয়।

২০২৭ সালের হজ মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অপেক্ষমাণ এসব মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে নিবন্ধন করেও হজে যেতে না পারা ফিলিস্তিনিদের দাবি, শুধু সৌদি আরবে যাওয়ার অনুমতি নয়, হজ শেষে নিরাপদে গাজায় ফেরার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

সর্বশেষ