টানা ৯ দফা কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : টানা নয় দফা দরপতনের পর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্যতালিকায় ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করেছে। এর আগে এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

- Advertisement -

সোমবার (২৩ নভেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। সংগঠনটির ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৮৬২ টাকা।

সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।

অলংকার কেনাবেচায় যেসব নিয়ম

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

বছরের সর্বোচ্চ দাম থেকে বড় পতন

চলতি বছর দেশের সোনার বাজারে একাধিকবার মূল্য সমন্বয় হয়েছে। গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় পৌঁছায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সে সময় ৫ শতাংশ ভ্যাটসহ প্রতি ভরি সোনা কিনতে ক্রেতাদের ব্যয় করতে হতো প্রায় ৩ লাখ ৩০০ টাকা।

বর্তমান দরের তুলনায় জানুয়ারির সর্বোচ্চ মূল্য থেকে ভ্যাটসহ প্রতি ভরিতে দাম কমেছে প্রায় ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা বা ৩৫ শতাংশ।

বাজুসের পরিসংখ্যান অনুযায়ী, শুধু নভেম্বরেই টানা নয় দফা কমানোয় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে প্রায় ৩৪ হাজার ৭০০ টাকা কমেছিল। ২০২৬ সালে এখন পর্যন্ত সংগঠনটি মোট ১৪২ বার সোনার দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৭৬ বার দাম কমানো হয়েছে এবং ৬৫ বার বাড়ানো হয়েছে। বাকি একটি সমন্বয় ছিল ভ্যাটসংক্রান্ত।

বিশ্ববাজারেও বড় দরপতন

দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও চলতি বছর সোনার দামে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৫ হাজার ৫৯৫ ডলারে উঠেছিল। এরপর ধারাবাহিকভাবে কমে গত শুক্রবার (২০ নভেম্বর) তা ৩ হাজার ৫১৯ ডলারে নেমে আসে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল বিশ্ববাজারে সোনার সর্বনিম্ন দাম।

বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর চলতি বছর বিশ্ববাজারে সোনার দামের ক্ষেত্রে সবচেয়ে বড় পতনের বছর হতে যাচ্ছে।

দীর্ঘ সময় ধরে দরপতনের পর দেশের বাজারে নতুন করে দাম বাড়ায় সোনার ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে বাজারের পরবর্তী গতিপ্রকৃতি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

সর্বশেষ