নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় পাঁচ দিন পর মামলা হয়েছে। ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে রাজু মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ভাঙ্গা থানায় মামলাটি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের ছয়টি ধারায় মামলাটি করা হয়েছে। এজাহারে বলা হয়, ১৭ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেলে ফিরছিলেন রাজু। রাত পৌনে ৮টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মহাসড়ক অবরোধ করে মশাল জ্বালানো একদল ব্যক্তি তাঁর পথ আটকে হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের হাতে ইট-পাথরের টুকরা, বাঁশের লাঠি, সড়কি, রামদা, চাপাতি ও ককটেল ছিল। এ সময় দুই নম্বর আসামি শাহাদাৎ খয়রাতি ধারালো সড়কি দিয়ে রাজুর কোমরের ডান পাশে আঘাত করেন। পরে কয়েকজন আসামি তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তাঁকে সড়কে টেনেহিঁচড়ে নেওয়া হলে পেটের ডান পাশ থেকে ডান হাঁটু পর্যন্ত শরীরের চামড়া ছিলে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে হামলায় অংশ নেওয়ার অভিযোগে হামিরদীর আল আমিন, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশিকুজ্জামান আশিকসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে হামলাকারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং এসআই খালিদ মাহমুদের কাছ থেকে একটি ওয়াকিটকি ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ১৫টি শটগানের গুলি ছোড়ে। রাত ৯টার দিকে রাজুকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলার অন্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি ও যুবলীগ নেতা কাউসার আকন্দ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম ওবায়দুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আযাদ খান এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি রনি মাহমুদ। এ ছাড়া আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার দিন ২৫ জনকে আটক করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে কেউ এই মামলার আসামি কি না, তা যাচাই করা হচ্ছে।
তদন্ত কর্মকর্তা আরও জানান, মামলার আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

