নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন শাখার সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন সরেজমিনে পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে যাবেন তিনি। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখবেন সরকারপ্রধান।

- Advertisement -

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। এই মহড়ার চূড়ান্ত অনুশীলনে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

সফরকালে প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনীও পরিদর্শন করবেন তিনি।

মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপে এবারই প্রথম কোনো সরকারপ্রধান সরাসরি তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বিত অংশগ্রহণে আয়োজিত এ মহড়ায় বিশেষ বাহিনীগুলোর সক্ষমতা ও পারস্পরিক সমন্বয়ের কার্যক্রম তুলে ধরা হবে।

সর্বশেষ