রাজধানীর সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে সরকারের একটি নতুন উদ্যোগের প্রস্তুতি ও মান যাচাই করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ২০ হাজার বিদ্যালয়ের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য নির্ধারিত বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে দেখেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে বাইসাইকেলগুলো পরখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে ছাত্রীদের জন্য কয়েক ধরনের বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। সেগুলোর মান, গঠন ও ব্যবহারিক দিক সরেজমিনে যাচাই করতে তিনি নিজেই বাইসাইকেল চালিয়ে দেখেন।
সরকারের এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়েদের শিক্ষায় আগ্রহ বাড়ানো, নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে বিশেষ ধরনের সামরিক যান এটিভি চালান প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দিনের ব্যবধানে এবার সচিবালয়ে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাইসাইকেল চালিয়ে দেখলেন তিনি।

