নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। কিন্তু মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা অন্তর্ভুক্ত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ ইতোমধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি সম্পন্ন করেছে। ভারতের সঙ্গে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে দেশটির পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখনো আলোচনার নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে। তবে চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। কারণ, যৌথ কমিটির দায়িত্ব মূলত বিদ্যমান চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা। নতুন চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের।
যৌথ নদী কমিশনের সদস্য এবং বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির জানান, বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে।
তিনি বাসসকে বলেন, গঙ্গা পানি বণ্টন চুক্তি দুই দেশের অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি। চুক্তির কার্যকর বাস্তবায়নে নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং যৌথ পর্যালোচনা প্রয়োজন।
নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি
বাংলাদেশের প্রধান দাবি, শুধু বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়, বরং জাতীয় স্বার্থ সুরক্ষিত করে নতুন বা সংশোধিত চুক্তি করা। বিশেষ করে শুষ্ক মৌসুমে গঙ্গার পানিপ্রবাহ কমে গেলেও বাংলাদেশ যাতে ন্যূনতম নির্ধারিত পরিমাণ পানি পায়, সেই নিশ্চয়তা চুক্তিতে রাখতে চায় সরকার।
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাসসকে বলেন, বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। এ জন্য নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা অগ্রাধিকার। বাংলাদেশ ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। দুই দেশের আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে বলে আশা করেন তিনি।
মন্ত্রী জানান, দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়ে তিনি ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন।
১৯৭৭ সালের চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় পানিপ্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বিধান ছিল। কিন্তু ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের নিশ্চয়তামূলক ধারা রাখা হয়নি। ফলে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্তির মাধ্যমে পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।
বর্তমান চুক্তিতে যেভাবে পানি ভাগ হয়
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ৩০ বছর মেয়াদি এ চুক্তির আওতায় প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করা হয়। ১৯৯৭ সাল থেকে যৌথ কমিটি নিয়মিতভাবে পানিপ্রবাহ ও বণ্টনের তথ্য পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করছে।
বর্তমান চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ফারাক্কায় পানির প্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন পরপর দুই দেশের মধ্যে পানি ভাগ করা হয়।
চুক্তির হিসাব অনুযায়ী, ফারাক্কায় পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগে পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি ভারত পায়। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি বাংলাদেশের জন্য বরাদ্দ থাকে।
এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিনের মেয়াদে উভয় দেশকে ৩৫ হাজার কিউসেক করে পানি দেওয়ার বিধান রয়েছে।
আলোচনার প্রস্তুতিতে উচ্চপর্যায়ের কমিটি
নতুন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন। কমিটিতে পানিসম্পদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং নদী বিশেষজ্ঞরা রয়েছেন।
বাংলাদেশ গত জুনে ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়। এরপর আগস্টে ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান। কিন্তু এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আলোচনার দিনক্ষণ জানানো হয়নি।
অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন বাংলাদেশের জন্য শুধু পানিসম্পদের বিষয় নয়; এর সঙ্গে কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতি জড়িত। শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়, এমন চুক্তি করতে চায় সরকার।
ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও হতে পারে আলোচনার বিষয়
গঙ্গার পানি বণ্টন নিয়ে নতুন চুক্তির ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পশ্চিমবঙ্গের জন্য ভাগীরথী-হুগলি নদীতে পানিপ্রবাহ বজায় রাখা, নৌচলাচল ও বন্দর সচল রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিহার পানীয় জল ও শিল্পকারখানার জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করতে আগ্রহী।
১৯৯৬ সালের চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাক্ষরের পর থেকে ৩০ বছর পর্যন্ত চুক্তিটি কার্যকর থাকবে। দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে এটি নবায়ন করা যাবে। অর্থাৎ, মেয়াদ শেষ হলেই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর থাকার সুযোগ নেই।
চুক্তি না হলে বাড়বে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উদ্বেগ
গঙ্গার পানির ওপর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশগত ভারসাম্য অনেকাংশে নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে গেলে এ অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়া এবং নদীর নাব্যতা সংকট আরও বাড়তে পারে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করা। শুধু পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না, নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, সেটিও চুক্তিতে স্পষ্ট থাকতে হবে। গ্যারান্টি ক্লজ না থাকলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা চললেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
বিশেষজ্ঞদের মতে, নতুন চুক্তিতে পানির হিস্যা নির্ধারণের পাশাপাশি শুষ্ক মৌসুমে ন্যূনতম প্রবাহের নিশ্চয়তা, নিয়মিত তথ্য বিনিময়, পানির সংকট মোকাবিলা এবং বর্ষায় অতিরিক্ত পানিপ্রবাহ ব্যবস্থাপনার বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
সব মিলিয়ে ১২ ডিসেম্বরের সময়সীমা সামনে রেখে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ এখন ভারতের সঙ্গে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরু করা। কারণ, নতুন কোনো সমঝোতা ছাড়া বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে আগামী শুষ্ক মৌসুমে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

