চট্টগ্রামে এমবাপ্পেকে আনতে চান চসিক প্রশাসক শাহাদাত

খেলা ডেস্ক:
spot_img

বিশ্ব ফুটবলের মহাতারকা কিলিয়ান এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। নগরীর শিশু-কিশোর ও তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকাকে চট্টগ্রামে আনার উদ্যোগ নিতে চান তিনি।

- Advertisement -

মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের রেস্ট হাউসে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান চসিক প্রশাসক। এ সময় অলিভিয়ের রোঙের মাধ্যমে এমবাপ্পের কাছে আমন্ত্রণবার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।

ডা. শাহাদাত হোসেন মনে করেন, এমবাপ্পের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলারের চট্টগ্রাম আগমন তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি ব্যাপক উৎসাহ তৈরি করতে পারে। বিশেষ করে শিশু-কিশোরদের ফুটবল চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে এমন একটি সফর।

সাক্ষাৎকালে চসিক প্রশাসক বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়ের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে বন্ধন আরও দৃঢ় করতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, মেধাবী ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে নগরীতে পর্যাপ্ত ক্রীড়াচর্চার সুযোগ তৈরি করা প্রয়োজন।

এ লক্ষ্যে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে পৃথক ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণের বিষয়ে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ বলেন, এ ধরনের আমন্ত্রণ অত্যন্ত সম্মানজনক। ফরাসি দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আমন্ত্রণটি কিলিয়ান এমবাপ্পের কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন তিনি।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তীসহ চট্টগ্রাম সিটি করপোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ