আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি। তার এমন বক্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ভিন্নমত দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্জুন সিং। তিনি দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সংঘটিত হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানান।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরুর মধ্যেই অর্জুন সিংয়ের এমন বক্তব্য সামনে আসে। তবে তার এই মন্তব্যকে সমর্থন না করে বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির আওতাভুক্ত বলে উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রী ও বিজেপি নেতা।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের উচিত নিজেদের মধ্যে বিরোধে না জড়িয়ে দেশটির সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। একই সঙ্গে সেখানে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন দিলীপ ঘোষ। তার মতে, প্রতিবেশী দেশে উত্তেজনা বাড়লে তার প্রভাব সীমান্তবর্তী রাজ্যটির অর্থনীতি ও জনজীবনেও অনুভূত হয়। তাই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা করেন তারা।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এ বিষয়ে সরাসরি কোনো অবস্থান নিতে চাননি। তিনি বলেন, বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র এবং দেশটির পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বক্তব্য দেবে। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কোনো ভূমিকা নেই বলেও উল্লেখ করেন তিনি।
একই সুরে কথা বলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, বাংলাদেশ প্রসঙ্গটি ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও দলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজনীয় বক্তব্য দেবেন।
সব মিলিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে অর্জুন সিংয়ের বক্তব্য এবং অন্য মন্ত্রী ও বিজেপি নেতাদের সতর্ক প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ভিন্ন আলোচনা তৈরি হয়েছে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে জল্পনার মধ্যে এই বক্তব্য দুই দেশের সম্পর্ক এবং ভারতের রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

