শেখ হাসিনাকে ফেরানোর বৈধ পথ বন্দি প্রত্যর্পণ চুক্তি: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করাই বৈধ পথ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে আইনি ব্যাখ্যা তুলে ধরেন।

শিশির মনির বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্ট, ট্রাভেল পাস কিংবা বিশেষ কোনো বিমানের আয়োজনের প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই তাঁকে ফিরিয়ে আনার আইনি ব্যবস্থা রয়েছে।

যেভাবে সম্পন্ন হবে প্রত্যর্পণ প্রক্রিয়া

প্রত্যর্পণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ ব্যাখ্যা করে এই আইনজীবী জানান, প্রথমে বাংলাদেশের স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠাতে হবে। ওই অনুরোধের সঙ্গে সংশ্লিষ্ট মামলার প্রয়োজনীয় নথিপত্র ও আইনি তথ্যও জমা দিতে হবে।

বাংলাদেশের আবেদন পাওয়ার পর ভারত সরকার বিষয়টি দেশটির সংশ্লিষ্ট প্রত্যর্পণকারী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। সেখানে শেখ হাসিনাকে হাজির করার পাশাপাশি বাংলাদেশের পাঠানো নথিপত্রের সত্যতা ও আইনগত গ্রহণযোগ্যতা যাচাই করা হবে।

নথিপত্র পরীক্ষা করে প্রত্যর্পণের শর্ত পূরণ হয়েছে বলে বিবেচিত হলে ম্যাজিস্ট্রেট এ বিষয়ে আদেশ দেবেন। এরপর দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে তাঁকে হস্তান্তরের স্থান, তারিখ ও সময় নির্ধারণ করবে।

শিশির মনিরের ব্যাখ্যা অনুযায়ী, আইনি পরিভাষায় হস্তান্তরের জন্য নির্ধারিত স্থানকে বলা হয় ‘পয়েন্ট অব কনভিনিয়েন্স’ (Point of Convenience)। নির্ধারিত স্থান ও সময়ে ভারতীয় কর্তৃপক্ষ শেখ হাসিনাকে বাংলাদেশের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করবে।

অন্য পন্থা নিয়ে আলোচনা গুজব: শিশির মনির

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিকল্প পন্থার আলোচনা নাকচ করে শিশির মনির বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির নির্ধারিত আইনি প্রক্রিয়ার বাইরে তাঁকে ফিরিয়ে আনার অন্য কোনো বৈধ আইনগত পথ নেই।

এ বিষয়ে প্রচারিত বিভিন্ন বক্তব্য ও খবরের সমালোচনা করে তিনি বলেন, আইন সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় অনেকে নানা ধরনের মন্তব্য করছেন। এসব আলোচনার বড় অংশই গুজব।

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা চলার প্রেক্ষাপটে শিশির মনিরের এই বক্তব্য এসেছে। তাঁর মতে, বিষয়টি নিয়ে আলোচনা বা অনুমাননির্ভর বক্তব্যের পরিবর্তে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আইনি কাঠামো অনুসরণ করাই প্রয়োজন।

সর্বশেষ