জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন তাঁরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
মারধরের শিকার শিক্ষার্থীর নাম রমযান আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের ভাষ্য, বুধবার সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে বিশমাইল এলাকা থেকে একটি রিকশায় ওঠেন রমযান। এ সময় এক ব্যক্তি রিকশাচালককে লাঠি দিয়ে আঘাত করতে গেলে লাঠির আঘাত রমযানের শরীরে লাগে। এ নিয়ে ওই ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি রমযানকে কয়েক দফা মারধর করেন। পরে ঘটনার প্রতিবাদ করায় তাঁকে একটি কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অর্থনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থীরা ডেইরি গেট এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত এবং তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহানুভূতি রয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করা হবে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের কাজ চলছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা হয়েছে এবং একটি দল কাজ করছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিশমাইল এলাকায় এক শিক্ষার্থীর সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটির পর হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরেই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ চলছিল।

