গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্যকে দেখতে হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি আহত সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গিয়ে তিনি আহত সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আহত সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন।
হাসপাতাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির অপারেশনস (অপস) রুম পরিদর্শন করেন। সেখানে তিনি অপারেশনস রুমের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় বিজিবির নায়েক মো. মনির হোসেন (৪০) আহত হন। তিনি খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত। হামলায় তার মাথায় আঘাত লাগে। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর পিলখানার বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহি (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫)।
ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। অন্যদিকে সিপাহি রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাম পায়ে ক্ষত সৃষ্টি হয়।
গোপালগঞ্জ ও গাজীপুরের পৃথক ঘটনায় আহত এই তিন বিজিবি সদস্য বর্তমানে পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

